স্মার্ট ঢাবি ক্যাম্পাস তৈরির প্রতিশ্রুতি দিলেন পলক
অচিরেই স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরিত হতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রঙ্গণ। সেই লক্ষ্যেই নতুন প্রযুক্তির গবেষণা ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ক্যাম্পাসে গড়ে তোলা হবে একটি বিশেষায়িত ল্যাব। কার্জন হল এলাকার চারটি আবাসিক হলে স্থাপন করা হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
আর এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের ন্যায় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদান রাখতে সক্ষম হবেন বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল চত্বরে ‘বাঙালির শোকের মাস আগস্ট’ স্মরণে কার্জন হল এলাকার চারটি আবাসিক হল ছাত্রলীগ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
ছাত্রলীগ ফজলুল হক মুসলিম হল শাখার সভাপতি শাহারিয়ার সিদ্দিক শিশিমের সভাপতিত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা জসীম উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজোয়ানুল হক চোধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানজিদ চন্দ্র দাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রব্বানী প্রমুখ এসময় বক্তব্য রাখেন।